Sunday, 3 August 2014

আমার অনুবাদে বিদেশী অণুগল্প

অচেনা যাত্রী পত্রিকার আগস্ট সংখ্যায় প্রকাশিত হল আমার অনুবাদে বিদেশী অণুগল্প:

অনূদিত অণুগল্প:
লেখিকা: লিলিয়ানা ভারেলা
দেশ: আর্হেন্তিনা
লেখক-পরিচিতি: জীববিদ্যা ও রসায়নশাস্ত্রের অধ্যাপিকা। জন্ম রাজধানী বুয়েনোস আইরেসের বেরিস্সোতে। ২০০০ সালে সাহিত্যজগতে পদার্পণ। গল্প ও কবিতা লেখেন আর্হেন্তিনা, চিলে, পেরু, একুয়াদোর, স্পেন, ব্রাসিল, অস্ট্রিয়া, ভেনেসুয়েলা ও কোলোম্বিয়ার বিভিন্ন সাহিত্যপত্রে। তাঁর উল্লেখযোগ্য কিছু বই: বিভিন্ন গল্প-২০০৬, অন্ধকার কবিতা, আমার লেখা-২০০৮, না-ঘুমপাড়ানীয়া গল্প ইত্যাদি। ১৮টি স্প্যানিশভাষী দেশের কবিদের সাথে সম্পাদনা করেন 'সূর্যের কথা' নামের আন্তর্জাতিক পত্রিকা। রাদিও আরিন্ফোয় 'আল বোর্দে দে লা পালাব্রা' অনুষ্ঠানের সঞ্চালিকা, অন্য দেশের কবিদের কবিতা পাঠ করেন এই অনুষ্ঠানে। শিকাগোর কসমস রেডিওর 'ভোসেস দেল সুর' অনুষ্ঠানের সঞ্চালিকা ২০১২ থেকে।
অনুবাদক: মৈনাক আদক

তাড়না ( মূল গল্প: ইমপুলসো )

ওরা কিছুতেই নিজেদের সংযত করতে পারল না। এক আত্মঘাতী বাদলা বিকালে রাস্তায় পড়ে রইল ওদের পদদলিত দেহাবশেষ।

কণ্ঠস্বর শুনতে হলে ( মূল গল্প: ওইর লা ভোস )

সত্যিটা কিভাবে স্বীকার করতে হয়। অন্তর্বেদনার ভারে ভেঙেচুরে যায় তার হাড়পাঁজরা, কেননা তার মনে হচ্ছিল সে আর আগের মতো নেই। আজ সে শুধু একজন মহিলার প্রতিফলন দেখছিল আয়নায়, নিজেকে দেখে তার ঘেন্না হচ্ছিল।
জলের ঢেউ হতাশায় চাটছিল মেয়েটার দু পায়ে লেগে থাকা বীর্যের অবশিষ্টাংশ যতক্ষণ না সে শুনতে পাচ্ছিল তার মায়ের আকুল কণ্ঠস্বর।
জলীয় শীতলতা সে অনুভবই করেনি, মাকে খুঁজতেই ব্যস্ত ছিল। অপরাধবোধের অশ্রু এবং অ্যালকোহলে নিমজ্জিত তার বাবার নাক ডাকার আওয়াজও পৌছয়নি তার কাছে।


* দুটি অণুগল্পই না-ঘুমপাড়ানীয়া গল্প ( ২০০৮ ) বইয়ে সংকলিত।

অণুগল্প

অনেকদিন আগে আমার এই অণুগল্পটি তথ্যকেন্দ্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল:

আশ্রিতা
আমার ট্রান্সফার অর্ডার এসে গেছে। ফিরে যেতে হবে মধ্যপ্রদেশের সেই জঙ্গলমহলে, যেখানে শৈশব থেকে চাকরিতে যোগ দেওয়া... সবই ক্রমানুসারে ঘটে গেছে। পুরোনো দেশে ফিরতে পারব আবার। স্বস্তি আর আনন্দ মিলেমিশে অস্থির করে তুলছে আমায়। হঠাৎই চোখ দুটো বারান্দার দিকে চলে গেল। আমার আশ্রিতা বৃদ্ধা বসে আছেন স্থির। শেয়ালদা স্টেশনে ওঁর ছেলেরা ওনাকে ফেলে পালিয়েছিল গঙ্গাসাগরের মেলার সময়। একাই থাকি এই ফ্ল্যাটে। কিছু না ভেবেই আশ্রয় দিয়েছিলাম সেদিন। একদিনেই অগোছালো এই ফ্ল্যাটের আবহ বদলে গেল আমূল। কে যে কার আশ্রিত বুঝিনি ঠিকমতো। আমি চলে গেলে ওনার কি হবে, ভাবিনি। টুকরো টাকরা জিনিসপত্র নিজের ছোট্ট ব্যাগটায় গুছিয়ে নিচ্ছেন অচেনা দেশের আমার 'জেঠিমা', যেভাবে যাযাবররা যাওয়ার আগে নিজেদের তাঁবু তুলে নেয়। পড়ে থাকে বাঁশ পোঁতার গর্ত আর খাঁ খাঁ শূন্যতা। বারান্দার দিকে তাকিয়ে মনটা হু হু করে উঠল। আস্তে আস্তে জেঠিমার পাশে মেঝেতে বসে পড়লাম।
' কী করছেন জেঠিমা?'
'বাড়ি যাবো বাবা। তুমি তো ফিরে যাবে বাবা মায়ের কাছে...'
'কাজের ট্রান্সফার যে জেঠিমা! না হলে...কিন্তু আপনি কিভাবে বাড়ি ফিরবেন ? তার চেয়ে আমরা
একসঙ্গেই মধ্যপ্রদেশে যাই না ? আমার বাবা-মাও আপনার সঙ্গ পেলে মন খুলে গল্প করবেন।
আপনারও ভাল লাগবে, দিন কেটে যাবে সুখে-সান্নিধ্যে !'
' না বাবা, তা হয় না। এই সবুজ মাঠ, নরম মাটির গন্ধ ছেড়ে ভিনদেশে মরতে পারব না। ছেলেদের হাতের আগুনই চাই যে আমার !'
' কিন্তু----'

' না বাবা, মনে কোরো দুদিন দেখা হয়েছিল আমাদের, তারপর---' চোখের জল মুছে বৃদ্ধা বলে উঠলেন--- ' তোকে ভালোমন্দ কিছুই খাওয়াতে পারিনি রে পুলু। আজ একটু ইলিশ এনে দিস তো ! এমন রাঁধব, স্বাদ ভুলতে পারবি না।'

আমার অণুগল্প

অচেনা যাত্রী পত্রিকার আগস্ট মাসের অণুগল্প সংখ্যায় প্রকাশিত আমার অণুগল্প:
জগৎ
ঘুরে ঘুরে বাজার করছে অনিমেষ, অনেকদিন পর রাতের পর রাত হুইস্কিতে ডুবে থাকা সিনিয়র এক্সিকিউটিভ অনিমেষ মিত্র মামার জন্য কিনছে সুগন্ধী বাসমতী বাবা বড় ভালবাসত কালবোশ মায়ের জন্য বাটা, দাদার পাঁঠার মাংস, দিয়া? অনিমেষের প্রথম পাপ, প্রেম বকুলগন্ধ শরীরে মেখে আমসত্ত্ব খেতে বড় ভালবাসত ফুলপিসির জন্য গাওয়া ঘি, দাদুর জন্য চাঁপা কলার মোচা, গন্ধরাজ লেবু, মোচা-চিংড়ি, মাছের ডিমের বড়া গন্ধরাজ লেবুর গন্ধমাখা ভাতের সঙ্গে বড় প্রিয় ছিল ওর-
একবোঝা বাজার নিয়ে টানারিকশায় বসে যেতে যেতে ওর মনে পড়ে যাচ্ছে কৈশোরে গ্রামের সেই দিনগুলোর কথা--- ট্রেনের ছুটে যাওয়া, দাদুর সঙ্গে মোহনবাগান মাঠে যাওয়া, দিয়ার সঙ্গে বর-বউ খেলা

ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সম্বিত ফিরল অনিমেষের  ফিরতে দেরি হয়ে গেছে অনেক ডোরবেল বাজাল অনেকবার, অথচ খুলছে না কেউ পুরোনো দিনের অভ্যেস মতো বোধহয় সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়েছে সবাই  নাহ্, সাড়াশব্দ নেই কারো অগত্যা পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলল অনিমেষ ঘর অন্ধকার দেওয়াল হাতড়ে হাতড়ে  আলো জ্বালল, পাশের ঘরে গেল তার পাশেরটায়, ব্যালকনিতে নাহ্, কেউ কোথাও নেই ক্ষণিকের জন্য  এসে অনিমেষের মৃত আত্মীয়রা আবার ফিরে গেছে আপাদমস্তক পেশাদারীত্বে মোড়া প্রৌঢ় অনিমেষের জন্য ফিরিয়ে দিয়ে গেছে মাটি, রোদ্দুর, বৃষ্টি, স্বাদ-বর্ণ আর বকুলের গন্ধমাখা এক হারানো অপার্থিব জগৎ